শরীয়তপুরের আংগারিয়া এলাকায় গভীর রাতে এক তরুণীর ঘর থেকে রুহুল আমিন নামে এক যুবককে আটক করেছেন স্থানীয়রা। মঙ্গলবার (২ জুন) রাতে আংগারিয়ার বাংচি বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে বিয়ের শর্তে তাকে পুলিশের জিম্মায় দেওয়া হয়।
আটক রুহুল আমিন সদর উপজেলার আঁটিপাড়া এলাকার বাসিন্দা। তিনি একজন গার্মেন্টস ব্যবসায়ী। তার স্ত্রী-সন্তান রয়েছে।
স্থানীয়রা জানান, আটক রুহুল ব্রাজিল সমর্থক। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি নিয়মিত ব্রাজিলের সমর্থনে পোস্ট করে থাকেন। অপরদিকে যে তরুণীর বাসায় গিয়ে রুহুল ধরা পড়েছেন তিনি আর্জন্টিনার সমর্থক। মঙ্গলবার তারা দুজন বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে গভীর রাতে ওই তরুণীর বাসায় যান। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাদের আটক করেন।
পরে তাদের সম্পর্কে বিষয়ে জানতে চাইলে রুহুল আমিন বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা বলেন। তবে তরুণী দাবি করেন, তাদের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, ‘অবৈধ ও অনৈতিক সম্পর্কের অভিযোগে এলাকাবাসী ওই দুজনকে একটি বাসা থেকে আটক করেন। খবর পেয়ে পুলিশ তাদের থানায় নিয়ে আসে। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান।’