লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার চার যুবককে রাশিয়ায় নিয়ে গিয়ে রুশ সেনাবাহিনীতে বিক্রির অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে।
সোমবার (১ জুন) পাটগ্রাম উপজেলা পরিষদ চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। এসময় তারা তাদের সন্তানদের নিরাপদে দেশে ফিরিয়ে আনা এবং অভিযুক্তদের বিচারের দাবি জানান।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, পাটগ্রাম উপজেলা যুববিভাগের সভাপতি ইউনুস আলী, সাবেক শিবির নেতা মাহিন এবং পাটগ্রাম পৌর জামায়াতের আমির সোহেল রানার সহায়তায় উচ্চ বেতনের চাকরির আশ্বাসে আর এস ইন্টারন্যাশনাল এজেন্সির মাধ্যমে চার যুবককে রাশিয়ায় পাঠানো হয়। জনপ্রতি প্রায় সাড়ে ৯ লাখ টাকার বিনিময়ে গত ৭ মে তারা রাশিয়ায় পাড়ি জমান।
তারা জানান, রাশিয়ায় পৌঁছানোর পর ওই যুবকেরা বুঝতে পারেন যে তাদের প্রতিশ্রুত চাকরিতে নয়, বরং রুশ সেনাবাহিনীতে যুক্ত করা হয়েছে এবং ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়ার জন্য পাঠানো হয়েছে। এ অবস্থায় তারা চরম অনিশ্চয়তা ও ঝুঁকির মধ্যে দিন কাটাচ্ছেন।
এসময় বক্তারা দ্রুত সরকারি পর্যায়ে কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করে চার যুবককে দেশে ফিরিয়ে আনার দাবি জানান। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন পাটগ্রাম পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল। তিনি বলেন, ‘প্রলোভন দেখিয়ে দেশের যুবকদের বিদেশে পাঠিয়ে জীবন ঝুঁকিতে ফেলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’ তিনি ভুক্তভোগী পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এদিকে এঘটনায় গত শনিবার (৩০ মে) চার পরিবার পাটগ্রাম থানায় ইউনুস, সোহেল রানা ও মাহিনকে আাসামি করে চারটি পৃথক অভিযোগ করেছে।