গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর-বড়ইবাড়ী সড়ক সংস্কারের কাজ শেষ হওয়ার আগেই বিভিন্ন স্থানে ভাঙন ও ফাটল দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, নিম্নমানের সামগ্রী ব্যবহার ও যথাযথ তদারকির অভাবে ঠিকাদারি প্রতিষ্ঠান দায়সারা কাজ করছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, অনিয়ম প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।
গত বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার তালতলী এলাকায় সড়কের ঢালাই কাজ চলছে। তবে ঢালাইয়ের আগেই সড়কের কিছু অংশ ভেঙে গেলেও তা মেরামত না করেই কাজ চালিয়ে যাচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এছাড়া বাশতলী এলাকায় নবনির্মিত একটি সেতুর সংযোগ সড়ক মাত্র একদিনের বৃষ্টিতেই ধসে পড়েছে।
স্থানীয়রা জানান, বড়ইবাড়ী বাজারস্ট্যান্ড থেকে তালতলী পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার সড়ক নির্মাণের মাত্র এক মাসের মধ্যেই বিভিন্ন স্থানে ছোট-বড় ভাঙন, ফাটল ও গর্ত দেখা দিয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দা সঞ্জয় কুমার দাস বলেন, এই সড়ক দিয়ে অন্তত ১০ গ্রামের মানুষ চলাচল করে। বহু শিল্পকারখানার যানবাহনও এ পথে চলাচল করে। দীর্ঘ আট বছর পর রাস্তাটি সংস্কার করা হচ্ছে। কিন্তু, পুরো কাজেই অনিয়মের ছাপ স্পষ্ট। কর্তৃপক্ষের কোনো নজরদারি নেই।
চাকরিজীবী আলী সীমান্ত বলেন, কাজ শুরুর পর থেকেই অনিয়ম চোখে পড়ছে। কোথাও বিটুমিন ছাড়াই ঢালাই করা হচ্ছে, কোথাও নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে। আবার কোথাও নামমাত্র পিচ ফেলে কাজ শেষ করা হচ্ছে।
পিকআপ ভ্যানচালক আব্দুল আলী বলেন, সড়কের বিভিন্ন স্থানে এখনই ভাঙন শুরু হয়েছে। গর্ত আর ফাটল তৈরি হচ্ছে। এভাবে চললে তিন মাসের মধ্যেই সড়কটি আগের অবস্থায় ফিরে যাবে।
এ বিষয়ে জানতে কালিয়াকৈর উপজেলা এলজিইডি কর্মকর্তার কার্যালয়ে গেলে তাকে পাওয়া যায়নি। পরে সহকারী প্রকৌশলী মো. মাকসুদুর নবী বলেন, ‘আপনারা যেকোনো সমস্যা আমাদের জানাবেন। যেখানে সমস্যা হবে, সেখানে ঠিকাদারকে দিয়ে সমাধান করা হবে।’
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল হোসাইন বলেন, ‘সড়কের কাজ যেন মানসম্মতভাবে সম্পন্ন হয়, সেটি নিশ্চিত করতে হবে। কোথাও অনিয়মের প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’