ভারতে থাকা আত্মীয়ের বাড়িতে বিয়ের দাওয়াত কার্ড পৌঁছে দিতে গিয়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে বিএসএফের হাতে আটক হন বাংলাদেশি নাগরিক আতাউস সামাদ আতু (৪৪)। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে বিজিবির কাছে হস্তান্তর করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
শনিবার (১৬ মে) বিকেলে সীমান্ত এলাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠক শেষে আটক আতাউস সামাদ আতুকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। পরে বিজিবি সদস্যরা তাকে হিলি থানায় সোপর্দ করেন। আতাউস সামাদ আতু দিনাজপুরের পার্বতীপুর উপজেলার খলিলপুর সরদারপাড়া গ্রামের মৃত সাদিকুল ইসলামের ছেলে।
বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে হিলি সীমান্তের হাড়িপুকুর এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন আতাউস সামাদ। সেখানে থাকা তার বোনের বাড়িতে বিয়ের দাওয়াত কার্ড পৌঁছে দিতেই তিনি ভারতে যান। তবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বিষয়টি জানতে পেরে তাকে আত্মীয়ের বাড়ি থেকে আটক করে।
পরে বিএসএফ কর্তৃপক্ষ বিষয়টি বিজিবিকে অবহিত করে। এ ঘটনায় শনিবার বিকেল ৫টার দিকে সীমান্ত এলাকায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আটক বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন বলেন, আতাউস সামাদ নামের এক ব্যক্তি ভারতে অবস্থানরত আত্মীয়ের কাছে বিয়ের দাওয়াত পৌঁছে দিতে গিয়ে বিএসএফের হাতে আটক হন। পরে বিএসএফ তাকে বিজিবির মাধ্যমে বাংলাদেশে ফেরত পাঠায়। সন্ধ্যায় তাকে থানায় আনা হলে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।