পটুয়াখালীর গলাচিপায় অভিযান চালিয়ে এক নারীসহ চার মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) গভীর রাতে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের গুরিন্দা বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এসময় তাদের কাছ থেকে ১ হাজার ৫০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির টাকা জব্দ করা হয়। আটকরা হলেন- রোকেয়া বেগম (৪৭), মো. ইমন মিয়াজী (২৩), মো. রিয়াদ মাহমুদ ইভান (২৫) এবং মো. শাকিল সরদার (১৯)।
পুলিশ সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের গুরিন্দা বাজার সংলগ্ন এলাকার মিজানুর রহমানের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় বাড়িতে ঢুকে চারজনকে আটক করা হয়। তারা ঘরে বসে মাদক বিক্রির টাকা গুনছিলেন। পরে ঘরে তল্লাশি করে ১ হাজার ৫০০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৭ হাজার ২৯০ টাকা জব্দ করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য স্বীকার করেছেন। তারা ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে গলাচিপা ও আশপাশের অঞ্চলে সরবরাহ করতেন বলে জানিয়েছে পুলিশ।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জিলন সিকদার বলেন, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদক ব্যবসার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।