ঝিনাইদহের মহেশপুরে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের উপজেলা সভাপতির বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে মহেশপুর থানায় এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী নারী। ওই এজাহারের ভিত্তিতে শনিবার (৯ মে) শনিবার দুপুরে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, উপজেলার খালিশপুর গ্রামের গোহাটার পাশে ভাড়া বাসায় স্বামী-সন্তান নিয়ে বসবাস করেন ওই গৃহবধূ। তার স্বামী কৃষিকাজ করেন। গত ২৮ এপ্রিল মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অভিযুক্ত সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ ওই নারীর স্বামীর সঙ্গে খালিশপুর বাজারে দেখা করেন। পরে তিনি তাদের ভাড়া বাসায় গিয়ে কিছু সময় অবস্থান করেন।
অভিযোগে বলা হয়, গত ৫ মে সকাল সাড়ে ১১টার দিকে গৃহবধূর স্বামী মাঠে কাজে এবং দুই ছেলে স্কুলে থাকায় তিনি বাসায় একা ছিলেন। এ সময় অভিযুক্ত ব্যক্তি বাসায় এসে তার স্বামীর খোঁজ করেন। পরে বসতঘরে প্রবেশ করে ঠান্ডা পানি চাইলে ওই নারী ফ্রিজ থেকে পানি আনতে যান। তখন সাজ্জাদ ওই গৃহবধুকে শ্লীলতাহানির পাশাপাশি ধর্ষণের চেষ্টা করেন।
গৃহবধূর চিৎকারে পাশের চায়ের দোকানে থাকা স্থানীয় কয়েকজন ছুটে এলে অভিযুক্ত ব্যক্তি ঘটনাটি কাউকে না বলার জন্য দুই লাখ টাকার একটি চেক দেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। স্বামী বাড়িতে ফিরলে তাকে ঘটনাটি জানান ভুক্তভোগী। পরে আত্মীয়স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা শেষে থানায় লিখিত অভিযোগ দেন তিনি।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘ভুক্তভোগী এক নারী এজাহার দিয়েছে। সেটা আমরা মামলা হিসেবে গ্রহণ করেছি। বিস্তারিত তদন্ত শেষে বলা যাবে।’