বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশে দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলা ও আগামী প্রজন্মকে কারিগরি দক্ষতায় গড়ে তোলা বর্তমান সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ ভিশন। শনিবার (৯ মে) ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা মৌজায় নির্মাণাধীন ‘বিসিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পনগরী, ঠাকুরগাঁও’ প্রকল্প এলাকা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘এ লক্ষ্য বাস্তবায়নে ঠাকুরগাঁও বিসিক শিল্পনগরীতে খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প এলাকা গড়ে তোলা হচ্ছে, যা উত্তরাঞ্চলের কৃষিভিত্তিক শিল্প বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
মন্ত্রী বলেন, ‘কৃষিভিত্তিক শিল্পায়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নকে আরও গতিশীল করতে সরকার নিরলসভাবে কাজ করছে। বিশেষ করে উত্তরাঞ্চলের কৃষিপণ্যভিত্তিক শিল্প বিকাশে এ প্রকল্প গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’
পরিদর্শন শেষে শিল্পমন্ত্রী প্রকল্পের চলমান উন্নয়ন কার্যক্রম ঘুরে দেখেন এবং কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। তিনি নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে দ্রুত কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার প্রশংসা করেন।
উল্লেখ্য, ‘বিসিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পনগরী, ঠাকুরগাঁও’ প্রকল্পটি ২০২১ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন মেয়াদে বাস্তবায়নাধীন। প্রকল্পের আওতায় ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা মৌজায় ৫০ একর জমির ওপর আধুনিক, পরিবেশবান্ধব ও শিল্প কমপ্লায়েন্স সমৃদ্ধ শিল্পনগরী গড়ে তোলা হচ্ছে। এখানে ২৫১টি শিল্প প্লট তৈরি করে প্রায় ২৩০টি শিল্প ইউনিট স্থাপনের সুযোগ সৃষ্টি করা হবে। এর মাধ্যমে প্রায় ২৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে।