ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের পাঁচবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য মো. মোসলেম উদ্দিন মৃত্যুবরণ করেছেন। বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় আক্রান্ত হয়ে শনিবার (২ মে) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মোসলেম উদ্দিন দীর্ঘ রাজনৈতিক জীবনে একাধিকবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৮৬ সালের তৃতীয়, ১৯৯৬ সালের সপ্তম, ২০০৮ সালের নবম, ২০১৪ সালের দশম এবং ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বিজয়ী হন। এর আগে ১৯৭০ সালের নির্বাচনে তিনি গণপরিষদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
পেশাগত জীবনে তিনি একজন আইনজীবী ছিলেন। এছাড়া তিনি ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও পালন করেন।
তার ছেলে ও ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুল হক সেলিম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে তাকে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানেই তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার (৩ মে) সকালে ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে প্রথম জানাজা, দুপুর ৩টায় ফুলবাড়িয়া সরকারি হাই স্কুল মাঠে দ্বিতীয় জানাজা এবং বিকেল ৫টায় মো. মোসলেম উদ্দিন এতিমখানা মাঠে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে উপজেলার নিউগী কুশমাইল এলাকায় নিজ বাড়িতে তাকে দাফন করা হবে।