যশোরের শার্শায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত উলাশী-যদুনাথপুর খাল পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে জেলা ও স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ও বিএনপি নেতাকর্মীদের নিয়ে খালটি পরিদর্শন করেন।
আগামী ২৭ এপ্রিল এই খাল খননসহ যশোরে ৫০০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে খালটির উন্নয়ন, পানির প্রবাহ স্বাভাবিক রাখা এবং সৌন্দর্য্যবর্ধন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
পরিদর্শন শেষে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সাংবাদিকদের বলেন, ‘নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আগামী পাঁচ বছরের মধ্যে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখনন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বর্তমান সরকার। এসব খাল খননে কোন ব্যক্তি বা কোনো দল লাভবান হবে না। খাল খননের মাধ্যমে স্থানীয় পানির সমস্যা সমাধান হবে। দীর্ঘদিন ধরে প্রভাবশালী ব্যক্তিরা অবৈধভাবে খাল দখল করেছে। খালের দখল-দূষণ প্রতিরোধের পাশাপাশি আর কোনো দল বা ব্যক্তি দখল করতে না পারে সেই উদ্যোগও নেওয়া হবে।’
এসময় উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, যশোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী প্রমুখ।