সিরাজগঞ্জ সদর উপজেলার চক শিয়ালকোল এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক স্বাস্থ্যসেবীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানার অর্থ অনাদায়ে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে পরিচালিত অভিযানে সাদ্দাম হোসেন (৩২) নামের ওই স্বাস্থ্যকর্মীকে এ দণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সাদ্দাম হোসেন আওতায় পাড়া-মহল্লা ও মসজিদে মাইকিং করে রোগী ডেকে আনতেন। পরে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার নামে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় করতেন। এছাড়া ১২০০ টাকার চশমা ১৫০ টাকায় দেওয়ার প্রলোভন দেখানো হচ্ছিল বলে অভিযোগ পাওয়া যায়।
অভিযানে দেখা যায়, ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ মাপা, ওজন ও উচ্চতা নির্ণয়ের জন্য প্রতি ব্যক্তির কাছ থেকে ৩০ টাকা করে নেওয়া হচ্ছিল।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসিন খন্দকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৫ ধারায় দোষী সাব্যস্ত করে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।