জামালপুরে জিয়াউল হক জিয়া (৬০) নামের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক কারাবন্দি নেতার মৃত্যু হয়েছে। মৃত্যুর বিষয়টি বুধবার (১৫ এপ্রিল) দুপুরে নিশ্চিত করেছেন জামালপুর জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ শফিউল আলম।
এর আগে মঙ্গলবার রাত আনুমানিক ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত জিয়াউল হক জিয়া জামালপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
কারা কর্তৃপক্ষ ও পারিবারিক সূত্রে জানা যায়, দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় চলতি বছরের ১৫ জানুয়ারি তিনি গ্রেপ্তার হয়ে জামালপুর জেলা কারাগারে ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। মঙ্গলবার দুপুরে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে।
এ বিষয়ে নিহতের ছেলে জাকিউর রাফিদ নাফি জানান, বাবার অসুস্থতার কারণে তারা মানসিকভাবে বিপর্যস্ত এবং বিস্তারিত বিষয়ে কথা বলতে পারেননি।
জামালপুর জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ শফিউল আলম বলেন, পহেলা বৈশাখের দিন কারাগারে উন্নতমানের খাবার দেওয়া হয়েছিল। পরে তিনি অসুস্থ হয়ে পড়েন। অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া হয় এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।