খুলনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৮ টার দিকে রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের খান মোহাম্মাদপুর গ্রামে ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই ঘাতক ছেলেকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশ।
কিন্তু স্থানীয়দের বাঁধা সম্মুখীন হতে হয় পুলিশকে। বিক্ষুব্ধ জনতা ছেলেটিকে ছাড়িয়ে নিতে পুলিশের ওপর হামলা চালায়। ঘটনা জানতে পেরে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন।
নিহত নারী আইচগাতি ইউনিয়ন খান মোহাম্মাদপুরের বাসিন্দা হামিদুল ইসলামের স্ত্রী মিম্মি বেগম। আর ঘাতক সন্তানের নাম নাদিম ইসলাম।
রূপসা উপজেলার আইচগাতি ক্যাম্পের ইনচার্জ মো: উজ্বল হোসেন জানান, নাদিম সকাল ৮টার দিকে মা মিম্মি বেগমের ওপর চড়াও হয়। পাশে থাকা গাছের একটি ডাল দিয়ে মায়ের মাথায় আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। সাড়ে ৮টার দিকে আইচগাতি ক্যাম্পে স্থানীয়রা খবর দিলে পৌনে ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ ঘাতক ছেলেকে আটক করে স্থানীয় ক্যাম্পে নিয়ে আসতে চাইলে স্থানীয়রা জড়ো হয়ে পুলিশকে বাঁধা দেয় এবং পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়।
পরবর্তীতে খুলনা জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের খবর জানানো হয়। সার্কেল এসপি এ সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এছাড়া রূপসা থানার অফিসার ইনচার্জ ও ডিবি পুলিশ ঘটনাস্থলে আসে।