নাটোরের সিংড়া পৌর শহরের ব্যস্ততম বাসস্ট্যান্ড এলাকায় পথচারীদের নিরাপদ পারাপারের লক্ষ্যে নির্মিত ফুটওভার ব্রিজটির অবস্থা জরাজীর্ণ। নির্মাণের মাত্র আট বছরের মাথায় যথাযথ তদারকি ও নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে এই গুরুত্বপূর্ণ অবকাঠামোটি এখন পথচারীদের জন্য চলাচলের অনুপযোগী হয়ে ‘মরণ ফাঁদ’-এ পরিণত হয়েছে।
২০১৮ সালের ৫ নভেম্বর সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধানে প্রায় ২ কোটি ৬৯ লাখ টাকা ব্যয়ে ৩৪.২৬৯ মিটার দীর্ঘ এই ফুটওভার ব্রিজটি উদ্বোধন করা হয়। লক্ষ্য ছিল নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া বাসস্ট্যান্ড পয়েন্টে সাধারণ মানুষের নিরাপদ পারাপার নিশ্চিত করা। তবে উদ্বোধনের পর থেকেই প্রত্যাশিত ব্যবহারের অভাব এবং অযত্নে অবকাঠামোটি দ্রুত স্থায়িত্ব হারাতে শুরু করে। বর্তমানে ব্রিজের লোহার পাটাতন ও সিঁড়িতে মারাত্মকভাবে মরিচা ধরে বিপজ্জনক গর্তের সৃষ্টি হয়েছে।
জরাজীর্ণ অবস্থার কারণে সাধারণ মানুষ ব্রিজটি ব্যবহারে আগ্রহ হারাচ্ছেন। বিশেষ করে লোহার পাতের বড় বড় ছিদ্রগুলো শিশু ও বয়স্কদের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে।
রবিউল করিম খোকন নামের এক পথচারী বলেন, ‘এতো টাকা খরচ করে ব্রিজ বানানো হলো, অথচ ৮ বছরেই এটি ব্যবহারের অযোগ্য। কর্তৃপক্ষের অবহেলার কারণেই আজ আমাদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।’
আরেক পথচারী মৌসুমি খাতুন জানান, ‘ব্রিজের অবস্থা এতোটাই জরাজীর্ণ যে, শিশু বা বয়স্কদের নিয়ে উপরে ওঠা এখন অসম্ভব। বিকেলে অনেকে হাঁটতে উঠলেও গর্তের কারণে ভয়ে নেমে যান।
স্থানীয় ব্যবসায়ী মো. জান্টু আশঙ্কা প্রকাশ করে বলেন, ছোট বাচ্চারা উঠলে গর্ত দিয়ে পা ঢুকে নিচে পড়ে যেতে পারে। এটি দ্রুত মেরামত না করলে প্রাণহানির ঘটনা ঘটতে পারে।
বাবুল হাসান বকুল এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, বাস টার্মিনালের মতো এমন একটি জনবহুল জায়গায় নির্মিত এই ব্রিজটি ব্যবহার না করে মানুষ নিচ দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। অথচ সঠিক ব্যবহার ও রক্ষণাবেক্ষণ না হওয়ায় ব্রিজটি এখন নষ্ট হওয়ার পথে। বর্তমানে এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। মরিচা ধরে অনেক জায়গায় বড় বড় গর্ত তৈরি হয়েছে, যা দিয়ে অসাবধানতাবশত পা ফসকে বড় দুর্ঘটনা ঘটতে পারে।
সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আব্দুল্লাহ আল রিফাত বর্তমান পরিস্থিতির বিষয়ে অবগত রয়েছেন জানিয়ে বলেন, ‘জননিরাপত্তার স্বার্থে নির্মিত এই স্থাপনাটির বর্তমান অবস্থা আমরা পর্যবেক্ষণ করেছি। লোহার কাঠামোতে মরিচা ধরা এবং এটি ব্যবহারের অনুপযোগী হওয়ার বিষয়টি নাটোর জেলা সড়ক বিভাগকে গুরুত্বের সঙ্গে জানানো হয়েছে। দ্রুত প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে এটি পুনরায় ব্যবহারের উপযোগী করা হবে।’