বাংলার গ্রামীণ জনপদে একসময় ছিল একটি বিশেষ ধরনের ঘর, যা নামেই পরিচিত ছিল কাছারি ঘর। এটি মূল বাড়ি থেকে কিছুটা আলাদা, খোলামেলা জায়গায় তৈরি হতো এবং অতিথি আপ্যায়ন, সামাজিক আলোচনা ও পারিবারিক বৈঠকের কেন্দ্র হিসাবে ব্যবহার হতো।
কাছারি ঘর ছিল গ্রামীণ গৃহস্থদের সৌন্দর্য ও সামাজিক মর্যাদার প্রতীক। বনেদি ও মধ্যবিত্ত পরিবারগুলো প্রায়শই এই ঘরে অতিথি ও পথচারীকে আপ্যায়ন করতেন। মুরব্বি প্রথা এবং যৌথ পরিবার ব্যবস্থা থাকায় কাচারি ঘর পারিবারিক নিয়মকানুন ও সামাজিক শিষ্টাচারের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত।
প্রাচীন কাছারি ঘরের চারপাশে থাকতো ঢেউটিনের বেড়া এবং সূক্ষ্ম কাঠের কারুকাজ। ঘরের উপরিভাগে সাধারণত টিন বা ছনের ছাউনি থাকত, যা ঘরটিকে গরম ও বৃষ্টিরোধী রাখত। এর ভেতরে অতিথিরা বসে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করতেন এবং গুরুত্বপূর্ণ সামাজিক বা পারিবারিক বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত নিতেন।
বিশেষজ্ঞরা মনে করেন, কাছারি ঘর কেবল স্থাপত্য বা বসার স্থানই নয়, এটি গ্রামীণ সমাজের সামাজিক ইতিহাস, পারিবারিক শিষ্টাচার ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক ছিল।
তবে আধুনিক জীবনধারা ও বাড়ির ডিজাইনের পরিবর্তনের কারণে আজ গ্রামীণ বাংলায় কাছারি ঘর দেখা যায় না। মূল বাড়ির অংশ হিসেবে বা আলাদা স্থান হিসেবে এর ব্যবহার ক্রমেই কমে গেছে।
বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এই ঘর হারিয়ে গেলে বাংলার গ্রামীণ ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় চিরতরে হারিয়ে যেতে পারে।