সরকারি বরাদ্দের চালের অর্থ আত্মসাৎ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। শুক্রবার (২০ মার্চ) দলটির কুষ্টিয়া জেলার প্রধান সমন্বয়কারী জান্নাতুল ফেরদৌস টনি স্বাক্ষরিত এ নোটিশ দেওয়া হয়।
শোকজ প্রাপ্তরা হলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুষ্টিয়া জেলা শাখার জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়কারী ইবাদত আলী এবং কুমারখালী উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী হেলাল উদ্দিন।
বিষয়টি নিশ্চিত করে এনসিপি কুষ্টিয়া জেলা শাখার প্রধান সমন্বয়কারী জান্নাতুল ফেরদৌস টনি নাগরিক প্রতিদিনকে জানান, শুক্রবার তাদের কাছে শোকজ নোটিশ পাঠানো হয়েছে। নোটিশ পাওয়ার পর সাত দিনের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে সরকারি চালের অর্থ আত্মসাৎ ছাড়াও নির্বাচনী সময়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গের করে অন্য রাজনৈতিক দলের কাছ থেকে আর্থিক সুবিধা গ্রহণের অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে কুমারখালী উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী হেলাল উদ্দিন জানান, তিনি শোকজ নোটিশ পেয়েছেন এবং নির্ধারিত সময়ের মধ্যে জবাব দেবেন।