কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে এক বিশ্ববিদ্যালয় কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে নিয়ে ফেসবুকে মানহানিকর ও কুরুচিপূর্ণ পোস্ট শেয়ার করার অভিযোগে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (সিবিআইইউ)-এর সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মদ ইউনুসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৭ মার্চ) জারি করা এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। আদেশে উল্লেখ করা হয়, সম্প্রতি মুহাম্মদ ইউনুস তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম (ফেসবুকসহ অন্যান্য প্ল্যাটফর্ম) ব্যবহার করে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ ও আপত্তিকর পোস্ট করেছেন বলে প্রতীয়মান হয়েছে।
এতে আরও বলা হয়, একজন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা হিসেবে এ ধরনের উস্কানিমূলক বা আপত্তিকর রাজনৈতিক কর্মকাণ্ড প্রতিষ্ঠানের বিদ্যমান আচরণবিধি ও শৃঙ্খলার পরিপন্থি এবং বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করে। পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ তাকে বিশ্ববিদ্যালয়ের সকল দায়িত্ব ও কার্যক্রম থেকে সাময়িকভাবে বরখাস্ত করেছে।
একই সঙ্গে, কেন তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না-এ মর্মে আগামী সাত কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা রেজিস্ট্রারের দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার রাজিদুল হক বলেন, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মদ ইউনুসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তার লিখিত জবাব পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির বৈঠকে পরবর্তী চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।