ফরিদপুরের সদর উপজেলায় চন্ডিপুরে মালবাহী ট্রাক উল্টে একজন নিহত ও একজন আহত হয়েছেন। বুধবার (১৮ মার্চ) সকাল আনুমানিক ৬টার দিকে ফরিদপুর-রাজবাড়ী মহাসড়কের চন্ডিপুর গ্রামের রুবেলের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, তরমুজ বোঝাই একটি পিকআপ ভ্যান ফরিদপুর থেকে খানখানাপুর যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা মারে।
এতে পিকআপে থাকা তরমুজের মালিক মোহাম্মদ ইউসুফ আলী শেখ ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় মোহাম্মদ আতিয়ার (৪২) নামে অপর একজন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে দুর্ঘটনার পর গাড়িচালক পালিয়ে গেছে বলে জানা গেছে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ বিষয়ে হাইওয়ে পুলিশ জানায়, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যানবাহন চলাচল স্বাভাবিক রাখে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।