দেশের নানা দপ্তর দলীয়করণ হচ্ছে। সংসদে গেলে জবাবদিহিতার জায়গা থেকে প্রশ্ন করা হবে। স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিন। আরেকটি লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে। এবার ভুল নয়, পরিপূর্ণ শক্তি নিয়ে মাঠে নামতে চাই। এমন মন্তব্য করেছেন বিরোধীদলীয় চীফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম।
বুধবার (৪ মার্চ) সিলেটে আয়োজিত দলীয় বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, দেশের নানা দপ্তরে দলীয়করণ হচ্ছে। সংসদে গেলে জবাবদিহিতার জায়গা থেকে প্রশ্ন করা হবে। স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির কথা জানান তিনি। বক্তব্যে দলটির মূখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, হাদী হত্যার বিচার নিয়ে একচুল পরিমাণ পিছপা হবেন না তারা। যত বড় হেডামওয়ালা হোক না কেন, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হবে। তরুণদের কর্মসংস্থান ও ব্যবসায়ে যুক্ত করার অধিকারকে প্রতিষ্ঠিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি৷
প্রশাসনে দলীয় লোক নিয়োগের কড়া সমালোচনা করে পাটোয়ারী বলেন, চাঁদাবাজি, সন্ত্রাসী, দুর্নীতি বন্ধ করুন। ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল অবস্থা নিয়েও কথা বলেন পাটোয়ারী।
সিলেট সম্প্রীতির শহর জানিয়ে নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, সকলের মধ্যে রাজনৈতিক ও সামাজিক সুসম্পর্ক আছে। প্রাণ-প্রকৃতি সবাই মিলে ধ্বংসও করে।
সদ্য নিয়োগপ্রাপ্ত ডিজিএফআইয়ের প্রধানের ভারত সফর নিয়ে সমালোচনা করেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
সরকারের কিছু ভূমিকা প্রশংসনীয় হলেও দলীয়করণ এবং দুর্নীতির সুযোগ আগামীতে দেওয়া হবে না বলে জানান তিনি। নির্বাচনকে মেনে নিয়ে গণতান্ত্রিক উত্তরণের দিকে এগিয়ে যাচ্ছেন জানিয়ে বলেন, আগামী স্থানীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিং বা কেন্দ্র দখলের চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। ফ্যাসিবাদের প্রমাণিত দোসর ও জুলাইয়ের বিরোধীদের প্রশ্রয় দিলে ফাঁদে পড়বেন বলে হুশিয়ারি উচ্চারণ করেন সার্জিস৷
জুলাই সনদ অধ্যাদেশ কার্যকর ও রাষ্ট্রপতিকে অভিসংশন না করলে রাজপথে আন্দোলনের হুশিয়ারি দেন কেন্দ্রীয় নেতারা। মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি, জামায়াত ও অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।