লক্ষ্য ৪৫০০০ কর্মসংস্থান ও বিশাল রপ্তানি
দেশের অন্যতম শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান শেলটেক গ্রুপ কৃষি-প্রক্রিয়াজাতকরণ, রিয়েল এস্টেট, বস্ত্র, উৎপাদন ও নবায়নযোগ্য জ্বালানি খাতে মোট এক হাজার ৫০৪ কোটি টাকার এক বিশাল নতুন বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির এই নতুন উদ্যোগ বাস্তবায়িত হলে দেশে প্রায় ৪৫ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে, যার একটি বড় অংশই গড়ে উঠবে চুক্তিভিত্তিক কৃষিকাজের মাধ্যমে।
১৯৮৮ সালে প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে দেশের রিয়েল এস্টেট, নির্মাণ, প্রিমিয়াম টাইলস, টেক্সটাইল ও হসপিটালিটি সেক্টরে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছে শেলটেক গ্রুপ । নতুন এই বহুমুখী বিনিয়োগ দেশের শিল্পায়ন, রপ্তানি সক্ষমতা বৃদ্ধি ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
শেলটেক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ বলেন, ‘আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পণ্যের চাহিদা এবং দেশের অর্থনৈতিক সম্ভাবনাকে সামনে রেখেই প্রতিষ্ঠানটি বিভিন্ন খাতে বিনিয়োগ সম্প্রসারণ করছে। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে শিল্প উৎপাদন, রপ্তানি আয় ও কর্মসংস্থান উল্লেখযোগ্যভাবে বাড়বে।’
কৃষি-প্রক্রিয়াজাতকরণ খাতে স্পেনীয় যৌথ উদ্যোগে গঠিত ‘স্পেন বাংলাদেশ এগ্রো ইন্ডাস্ট্রি লিমিটেড’-এ ইতোমধ্যে প্রায় ৪০০ কোটি টাকা বিনিয়োগ করেছে গ্রুপটি। দিনাজপুরের পার্বতীপুরে এই প্রকল্পের উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে ও উৎপাদিত পণ্য ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে রপ্তানিও হচ্ছে। এই প্রকল্পের আওতায় প্রায় ৪০ হাজার কৃষক চুক্তিভিত্তিক চাষাবাদের সুযোগ পাচ্ছেন। প্রকল্পটি পূর্ণ সক্ষমতায় চললে বছরে প্রায় দুই হাজার ৪৪০ কোটি টাকার রপ্তানি আয় হবে বলে আশা করা হচ্ছে।
রিয়েল এস্টেট খাতের সম্প্রসারণে বনশ্রী এলাকায় ১৭ তলাবিশিষ্ট আধুনিক শপিং কমপ্লেক্স ‘শেল্টেক লিগ্যাসি প্লাজা’ নির্মাণে ৫৭৫ কোটি টাকা বিনিয়োগ করা হবে। প্রায় দুই লাখ বর্গফুটের এই বাণিজ্যিক ভবনটি আন্তর্জাতিক মানের এলইইডি সনদপ্রাপ্ত গ্রিন বিল্ডিং হিসেবে গড়ে তোলা হবে। এ ছাড়া, জলসিঁড়ি আবাসন এলাকায় যৌথ উদ্যোগে ২৬৫ কোটি টাকা বিনিয়োগে আরও ২১টি আবাসন প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে।
সিলেটে দেশের একমাত্র অ্যাব্রেসিভ পেপার উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘গ্রাইন্ডটেক লিমিটেড’-এ ইতোমধ্যে ৮৫ কোটি টাকার বিনিয়োগ সম্পন্ন হয়েছে। পাশাপাশি, বস্ত্র খাতে ব্লেন্ডেড সুতার উৎপাদন সক্ষমতা বাড়াতে ‘এনভয় টেক্সটাইলস লিমিটেড’ প্রায় ১৭৯ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে, যা ২০২৭ সালের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।
কার্বন নিঃসরণ কমানো ও পরিবেশবান্ধব জ্বালানি নিশ্চিতের লক্ষ্যে শেল্টেক গ্রুপ তাদের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে ১০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ (সোলার প্যানেল) স্থাপনের পরিকল্পনা নিয়েছে।
বর্তমানে শেলটেক গ্রুপের বার্ষিক টার্নওভার প্রায় ছয় হাজার ৭০০ কোটি টাকা। প্রতিষ্ঠানটির প্রত্যাশা, নতুন এই প্রকল্পগুলো পূর্ণাঙ্গভাবে চালু হলে ২০৩০ সালের মধ্যে তাদের বার্ষিক টার্নওভার ৯,২০০ কোটি টাকায় উন্নীত হবে।
অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, কৃষি, রপ্তানি, কর্মসংস্থান ও নবায়নযোগ্য জ্বালানির মতো অগ্রাধিকারপ্রাপ্ত খাতে শেলটেকের এই বহুমুখী বিনিয়োগ দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নকে আরও শক্তিশালী করবে।