২৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ আরও ৯৬ জন বঞ্চিত প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (১৩ মে) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের ভিত্তিতে তাদের নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
এতে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্তদের আগামী ১৮ মে-এর মধ্যে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগের নির্ধারিত কার্যালয়ে যোগদান করতে হবে। নির্ধারিত তারিখের মধ্যে যোগদান না করলে সংশ্লিষ্ট প্রার্থী চাকরিতে যোগদানে অনিচ্ছুক বলে বিবেচিত হবেন এবং তার নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়, জ্যেষ্ঠতা সংক্রান্ত সুবিধা অক্ষুণ্ন রাখার স্বার্থে এই নিয়োগপ্রাপ্তদের ক্ষেত্রে তাদের ব্যাচের প্রথম নিয়োগ প্রজ্ঞাপন যে তারিখে জারি করা হয়েছিল, সেই তারিখ থেকেই ভূতাপেক্ষিকভাবে নিয়োগ কার্যকর হবে। অর্থাৎ ব্যাচের প্রথম নিয়োগের তারিখ থেকে তাদের ধারণাগত জ্যেষ্ঠতা গণনা করা হবে। তবে এই ভূতাপেক্ষিক কার্যকারিতার কারণে তারা কোনো ধরনের বকেয়া আর্থিক সুবিধা পাবেন না।
উল্লেখ্য, ২৭তম বিসিএসে প্রথম মৌখিক পরীক্ষায় মোট ৩ হাজার ৫৬৭ জন উত্তীর্ণ হন। পরবর্তীতে ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগে প্রথম মৌখিক পরীক্ষার ফলাফল বাতিল করে দ্বিতীয়বার মৌখিক পরীক্ষা গ্রহণ করে।
প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে উত্তীর্ণ প্রার্থীরা পরবর্তীতে রিট আবেদন করেন। ওই প্রক্রিয়ায় ২০০৮ সালের ৩ জুলাই হাইকোর্ট প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিলের সিদ্ধান্তকে বৈধ ঘোষণা করে। পরে সেই রায়ের বিরুদ্ধে রিট আবেদনকারীরা আপিল বিভাগে লিভ টু আপিল করেন।
পরবর্তীতে ২০২৫ সালের ২০ ফেব্রুয়ারি আপিল বিভাগ নিয়োগবঞ্চিত ১ হাজার ১৩৭ জনকে নিয়োগ দেওয়ার নির্দেশ দেন। গত ১৮ ডিসেম্বর নিয়োগবঞ্চিত ৬৭৩ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এরই ধারাবাহিকতায় এবার আরও ৯৬ জনকে নিয়োগ দেওয়া হলো।