মিরপুর বিশ্ববিদ্যালয়ে কলেজের দেয়াল ধসে একজন নিহত ও আটজন আহত হয়েছেন। নিহতের নাম নাসিমা বেগম। মঙ্গলবার (২৮ জুলাই) মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের দেওয়াল ধসে নাছিমা বেগম নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আটজন আহত হয়েছেন। আমাদের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, টিসিবির পণ্য নিতে অনেক মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ করেই সীমানাপ্রাচীরটি ধসে পড়ে। এতে সাত থেকে আটজন চাপা পড়েন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে গুরুতর আহত এক নারীকে উদ্ধারের পর তার মৃত্যু হয়।
নিহত নাছিমা বেগম মিরপুর ২ নম্বর জনতা হাউজিংয়ের বাসিন্দা।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (জোন) মোস্তাক সরকার জানান, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। হতাহতদের সঠিক সংখ্যা ও দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।