রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পাশে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের পেছনের ফুটপাত থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিক মৃতদের পরিচয় জানা যায়নি। রোববার (১২ জুলাই) সকালে পৃথক দুটি স্থান থেকে ওই তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।
আজ সকাল দিকে ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার (ওসেক) পেছনে ফুটপাত অচেতন অবস্থায় পড়ে ছিলেন এক ব্যক্তি। তার বয়স আনুমানিক ৩৫ বছর। পরে ঢামেক হাসপাতালের নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার আইয়ুব আলী বলেন, আজ সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি অচেতন অবস্থায় ওই যুবককে জরুরি বিভাগের পেছনে পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত তাকে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আইয়ুব আলী জানান, যুবকের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এখনও তার নাম-পরিচয় জানা যায়নি। তার নাম-পরিচয় জানার জন্য ইতোমধ্যে পুলিশকে খবর দেওয়া হয়েছে।
অন্যদিকে বেলা ১১টার দিকে অমর একুশে হলের ফুটপাত থেকে দুই ব্যক্তিকে অচেতন অবস্থায় করা হয়। পরে ঢামেকে নেওয়ার পর চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানার উপরিদর্শক (এসআই) মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে তারা অমর একুশে হলের ফুটপাত থেকে দুই ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। পরে ঢামেক হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন। মৃত ব্যক্তিদের বয়স আনুমানিক ৫০ ও ৬০ বছর।
এসআই বলেন, ‘ঘটনাস্থলের আশপাশের লোকদের জিজ্ঞেস করে আমরা ওই ব্যক্তিত্বদের নাম পরিচয় জানতে পারিনি। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’