রাজধানীর শাহবাগ থানাধীন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের পাশ থেকে অজ্ঞাত যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১২) জুলাই সকাল সাড়ে ৯টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের পেছন থেকে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভবঘুরেকে হাসপাতালে নিয়ে আসা ওয়ার্ড মাস্টার আইয়ুব জানান, সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে জরুরি বিভাগের ওসেকের পেছনে এক ব্যক্তিকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে ক্যাম্প পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে জরুরী বিভাগে নিয়ে আসলে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে ৯:৪০ এর দিকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক (ইনচার্জ) মোহাম্মদ ফারুক জানান, মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। শাহবাগ থানাকে বিষয়টি জানানো হয়েছে।