সুপ্রিম কোর্টের বিজয় একাত্তর ভবনের একটি টয়লেটের জানালার গ্রিল থেকে মো. কামাল হোসেনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ। তিনি হাইকোর্ট বিভাগের বিচারপতি এনায়েত হোসেনের বেঞ্চে জমাদার হিসেবে কর্মরত ছিলেন।
সোমবার (১ জুন) দুপুর সোয়া ২টার দিকে ভবনের টয়লেটের জানালার গ্রিলে মরদেহটি ঝুলন্ত অবস্থায় দেখতে পান সংশ্লিষ্টরা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে সুপ্রিম কোর্টের বিজয় একাত্তর ভবনের সপ্তম তলার (অষ্টম ফ্লোর) টয়লেটের জানালার গ্রিলের বাইরে মো. কামাল হোসেনকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ।
প্রাথমিকভাবে পুলিশ ও সংশ্লিষ্টদের ধারণা, এটি আত্মহত্যা। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।