রাজধানীর তেজগাঁওতে স্ত্রীর প্রেমিককে হত্যার দায়ে শাহাদাৎ হোসেন নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১১ মে) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-৯ এর বিচারক মাহমুদুল ইসলাম এই রায় দেন।
আদালতের সরকারি কৌঁসুলি আমিনুল ইসলাম সরকার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ আসামি শাহাদাৎ হোসেনকে আদালতে হাজির করে পুলিশ। এরপর সাজা পরোয়ানা দিয়ে আবারও তাকে কারাগারে পাঠানো হয়।
আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আসামির স্ত্রীর সঙ্গে আনিস নামে এক ব্যক্তির পরকীয়া সম্পর্ক ছিল। বিষয়টি শাহাদাৎ হোসেন বিভিন্ন মাধ্যমে জানতে পেরে আনিসকে তার স্ত্রীর সঙ্গে দেখা করতে নিষেধ করেন। কিন্তু আনিস সেই কথা না শুনে তার স্ত্রীর সঙ্গে আবারও দেখা করেন। এতে ক্ষুব্ধ হয়ে ২০১২ সালের ৯ সেপ্টেম্বর বিকেলে ঢাকার তেজগাঁও থানাধীন আনোয়ারা পার্কের দক্ষিণ পার্শ্বে মা মেডিকেল স্টোরের বিপরীত দিকে ফুটপাতে ছুরিকাঘাত করে হত্যা করেন।
এ ঘটনায় তেজগাঁও থানার উপ-পরিদর্শক(এসআই) মাসদুল ইসলাম অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন। পরে ২০১৩ সালের ২৩ ফেব্রুয়ারি তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী সাহান হক আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।