রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ শাহনেওয়াজ হলের সামনে দুর্বৃত্তকারির গুলিতে নিহত যুবকের পরিচয় মিলেছে। তিনি শীর্ষ সন্ত্রাসী নাঈম আহমেদ টিটন এবং আরেক শীর্ষ সন্ত্রাসী ইমনের সম্বন্ধী। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম নাগরিক প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ৫ আগস্ট ক্ষমতার পটপরিবর্তনের পরে ১৩ আগস্ট জামিনে বের হন টিটন। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। তিনি ২০০১ সালের শীর্ষ সন্ত্রাসীর ২৩ জনের তালিকার ২ নম্বর আসামি ছিলেন।
এর আগে মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় টিটনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা মো. জুয়েল বলেন, নিউমার্কেটের শহীদ শাহনেওয়াজ হলের সামনে দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে ওই যুবককে চার-পাঁচ রাউন্ড গুলি করে। পরে তিনি গুরুতর আহত অবস্থায় পড়ে থাকলে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেকের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
তিনি আরও জানান, বিস্তারিত জানার চেষ্টা চলছে। তার শরীরে পাঁচটি গুলির চিহ্ন রয়েছে।