ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক ড্রামা ক্লাব আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্য প্রতিযোগিতায় দ্বিতীয় রানার-আপ হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি কালচারাল ক্লাব।
প্রতিযোগিতায় দেশের ১০টি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের নাট্যদলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে এ সাফল্য অর্জন করে সংগঠনটি। দলটি প্রতিযোগিতায় ‘রেইনকোট’ নাটক পরিবেশন করে। নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন তারেক শুভ।
বুধবার (২০ আগস্ট) রাতে প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মহিউদ্দিন ভুঁইয়া।
প্রতিযোগিতায় অংশ নেয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ, আহছানউল্লা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি, প্রাইম ইউনিভার্সিটি, নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশ ও সরকারি তিতুমীর কলেজ।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নাট্যদলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে সংগঠনটির এই অর্জন বাংলাদেশ ইউনিভার্সিটির সাংস্কৃতিক অঙ্গনে উল্লেখযোগ্য সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
অর্জনের বিষয়ে সংগঠনের সদস্যরা বলেন, ‘আমাদের ছিল আত্মবিশ্বাস, পরিশ্রম এবং একে অপরের প্রতি বিশ্বাস। সীমাবদ্ধতাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে আমরা এগিয়ে গেছি।’
বাংলাদেশ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কাজী জামিল আজহার ও উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম কালচারাল ক্লাবের এই সাফল্যে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরও সাফল্য অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেন।