থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ১৮ জন নারী ও ৯ জন পুরুষ। আহত অবস্থায় ৬০ জনের বেশি মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (১২ জুলাই) দিবাগত রাতের এ ঘটনায় আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে।
রোববার (১২ জুলাই) দিবাগত রাত ১২টার কিছু পর দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দেখতে পান, আগুনে ঘেরা মূল প্রবেশপথ দিয়ে আতঙ্কিত মানুষ প্রাণ বাঁচাতে বেরিয়ে আসার চেষ্টা করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বারটির ভেতর থেকে দাউদাউ করে আগুন বের হচ্ছে। কেউ চিৎকার করছেন, কেউ দৌড়ে বের হওয়ার সময় পড়ে যাচ্ছেন। অন্তত দুজনকে আগুনে জ্বলন্ত অবস্থায়ও দেখা গেছে।
ঘটনাস্থল পরিদর্শন শেষে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল জানান, এখন পর্যন্ত ২৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ এখনও তদন্তাধীন রয়েছে।
প্রায় আধা ঘণ্টার চেষ্টায় দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ১৮ জন নারী ও ৯ জন পুরুষ রয়েছেন।
প্রধানমন্ত্রী জানান, আগুন লাগার সময় বারে গান পরিবেশন করা এক সংগীতশিল্পীর সঙ্গে তিনি কথা বলেছেন। ওই শিল্পীর ভাষ্য অনুযায়ী, বিদ্যুতের কাট-আউট সুইচে আগুনের সূত্রপাত হয়। এরপর খুব দ্রুত বিস্ফোরণের মতো শব্দ হয় এবং ধোয়া ও আগুন থেকে বাঁচতে সবাই বের হওয়ার চেষ্টা করেন। অনেকেই পেছনের দিকে গিয়ে টয়লেটে আশ্রয় নিয়েছিলেন। পরে সেখান থেকেই অধিকাংশ মরদেহ উদ্ধার করা হয়।
ব্যাংককের চাতুচাক জেলার জনপ্রিয় রেস্তোরা ও বিনোদনকেন্দ্র ‘রং বিয়ার না লাট ফ্রাও’ নামের বারটিতে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুন নিয়ন্ত্রণে আসার পর তোলা ছবিতে বারটির বাইরে সারিবদ্ধভাবে মরদেহের ব্যাগ ও পুরো এলাকা ঘিরে রাখতে দেখা যায়। ভেতরের আসবাব, দেয়াল ও ছাদ আগুনে পুড়ে কালো হয়ে গেছে এবং ছাদের কিছু অংশ খসে পড়েছে।
ব্যাংককের গভর্নর চাচার্ট সিত্তিপুন্ট বলেন, ‘বারটির দাহ্য অভ্যন্তরীণ সজ্জার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে জানা গেছে, ক্যান্ডি ও অন্যান্য পণ্য বিক্রির টেবিল জরুরি নির্গমনপথ আংশিকভাবে বাধাগ্রস্ত করেছিল। তবে বিষয়টি ফরেনসিক তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে।’
স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, রাত সাড়ে ১১টার দিকে গাড়ি চালিয়ে যাওয়ার সময় তিনি বারটিতে আগুন দেখতে পান। পরে গাড়ি থামিয়ে জানালার কাচ ভেঙে অন্তত দুজনকে বের হতে সহায়তা করেন।
তথ্যসূত্র: বিবিসি