ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে বৈঠক করতে পিপলস প্রাসাদে যাওয়ার সময় দামেস্কে পরপর দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবারের এ ঘটনায় চার পুলিশ কর্মকর্তাসহ কমপক্ষে ১৮ জন আহত হয়েছেন।
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে দ্য ন্যাশনাল।
এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি দুটি বিস্ফোরণের শব্দ শুনেছেন। একটি দামেস্কের ভিক্টোরিয়া ফ্লাইওভারের কাছে; অন্যটি পর্যটন মন্ত্রণালয়ের কাছে।
তিনি দ্য ন্যাশনালকে বলেন, ‘অ্যাম্বুলেন্সে করে আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। রাস্তায় রক্ত ছড়িয়ে থাকতে দেখেছি।’
দ্য ন্যাশনালের প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণ দুটি সিরিয়ার রাজধানীর ফোর সিজনস হোটেলের কাছাকাছি এলাকায় ঘটে, যেখানে ফরাসি প্রেসিডেন্ট মাখোঁ অবস্থান করছেন।
হামলার পর তাকে সিরিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবন পিপলস প্রাসাদে আহমেদ আল-শারার সঙ্গে বৈঠক করতে দেখা যায়।
এদিকে ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি বাসভবন এলিসি প্রাসাদ জানিয়েছে, প্রেসিডেন্ট মাখোঁ বিস্ফোরণের শব্দ শোনেননি। তিনি সম্পূর্ণ সুস্থ ও নিরাপদ আছেন।
ফরাসি প্রেসিডেন্টের ঘনিষ্ঠ একটি সূত্র বলেছে, সফরের পূর্বনির্ধারিত কর্মসূচি যথারীতি চলবে।
বিস্ফোরণের পর সংশ্লিষ্ট এলাকার রাস্তাঘাট সিলগালা করে দেওয়া হয় এবং নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। এরপর দু’দেশের নেতা নিজ নিজ প্রতিনিধি দল নিয়ে বৈঠকে বসেন।
১৮ মাস আগে সিরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর মাখোঁই প্রথম কোনো পশ্চিমা নেতা, যিনি দামেস্ক সফরে এলেন।
সিরিয়ায় তার এই সফরে মূলত দ্বিপক্ষীয় রাজনীতি ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত আলোচনা হবে।
সফরের আগে মাখোঁ আশা প্রকাশ করেছিলেন, এই সফর সিরিয়ার স্থিতিশীলতা এবং প্রতিবেশীদের সঙ্গে শান্তি বজায় রাখতে ভূমিকা রাখবে।