যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সাম্প্রতিক চুক্তিটি স্থায়ী বা কার্যকর হওয়ার সম্ভাবনা ‘খুবই কম’ বলে মনে করছেন ইসরায়েলি কর্মকর্তারা। চুক্তির বিস্তারিত বিষয়বস্তু পুরোপুরি জানার সুযোগ না থাকা সত্ত্বেও তারা এমনটি ধারণা করছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ইসরায়েলি সংবাদপত্র মারিভ।
বুধবারের (১৭ জুন) প্রতিবেদনটিতে বলা হয়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার দেশটির নিরাপত্তা সংস্থা ও সামরিক বাহিনীকে (আইডিএফ) সম্ভাব্য লক্ষ্যবস্তু নির্ধারণের কাজ চালিয়ে যাওয়ার এবং ভবিষ্যতের যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে।
ইসরায়েলি মন্ত্রী জিভ এলকিন জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনা বা সমঝোতার সঙ্গে সরাসরি যুক্ত ছিল না ইসরায়েল। এ কারণে এই সমঝোতা স্মারক পর্যালোচনার দাবি জানানোর সুযোগ তাদের নেই।
মন্ত্রী বলেন, ‘ইরানের সঙ্গে চলমান এই আলোচনায় আমরা কোনো পক্ষ নই। আর এই সমঝোতা যেহেতু আমাদের জন্য বাধ্যতামূলক নয়, তাই এটি দেখার দাবিও আমরা করতে পারি না।’
এলকিন জানান, লেবানন থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে সম্প্রতি ইসরায়েলের সম্মতি আদায়ের চেষ্টা করা হয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী নেতানিয়াহু তা স্পষ্ট ভাষায় প্রত্যাখ্যান করেন।