যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না। একইসঙ্গে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আরও ‘দায়িত্বশীল’ হওয়ার পরামর্শ দিয়েছেন।
ট্রাম্প এমন সময়ে মন্তব্যটি করেছেন, যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতা নিয়ে ঐকমত্য হয়েছে। তবে ইসরায়েলের অনেক নেতা এই সমঝোতার সমালোচনা করেছেন।
ফ্রান্সে অনুষ্ঠিত জি সেভেন সম্মেলনে ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্র না থাকলে ইসরায়েল থাকত না। আর আমি না থাকলেও ইসরায়েল থাকত না, কারণ আমি যা করেছি, তা করতে অন্য কোনো প্রেসিডেন্ট প্রস্তুত ছিলেন না। নেতানিয়াহুর সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক রয়েছে। তবে এখন লেবাননের বিষয়ে বিবিকে (নেতানিয়াহু) আরও দায়িত্বশীল হতে হবে।’
ট্রাম্প আরও বলেন, ‘লেবানন ও হেজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের আচরণ আমার ভালো লাগেনি। তাদের আরও দ্রুত কাজটি শেষ করা উচিত ছিল। বিষয়টি অনেক বেশি দীর্ঘায়িত হয়েছে। এমন হলে ইরানের সঙ্গে বড় ধরনের সমঝোতার ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।’