ভারতের আসাম রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোটের (এনডিএ) নেতা নির্বাচিত হয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা। রোববার (১০ মে) গুয়াহাটিতে আয়োজিত এক বৈঠকে সর্বসম্মতিক্রমে টানা দ্বিতীয়বারের মতো তাকে জোটের নেতা হিসেবে নির্বাচিত করা হয়।
কেন্দ্রীয় পর্যবেক্ষক জে পি নাড্ডা ও হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনির উপস্থিতিতে এই বৈঠক হয়।
টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, আসামের মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয় মেয়াদে আগামী মঙ্গলবার শপথ নেবেন হিমন্ত বিশ্ব শর্মা।
এই অনুষ্ঠানকে 'ঐতিহাসিক মুহূর্ত' হিসেবে অভিহিত করে আসাম বিজেপি সভাপতি দিলীপ সাইকিয়া জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
দিলীপ সাইকিয়া জানান, প্রধানমন্ত্রী মোদির উপস্থিতিতে আসামের নবনির্বাচিত ১০২ জন বিধায়ককে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী শপথ নেবেন বলে আশা করা হচ্ছে। সরকার গঠনের দাবি জানাতে রোববার বিকেলের মধ্যে রাজ্যপালের সঙ্গে দেখা করবেন জোটের নেতারা।
১২৬ আসনের আসাম বিধানসভায় এবার বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ১০২টি আসন জিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এর মধ্যে বিজেপি একাই ৮২টি আসন পেয়েছে। তাদের শরিক দল অসম গণ পরিষদ (এজিপি) ও বোড়োল্যান্ড পিপলস ফ্রন্ট (বিওপিএফ) ১০টি করে আসন লাভ করেছে।
অন্যদিকে বিরোধী শিবির মিত্রজোটের ফল বেশ হতাশাজনক। কংগ্রেস ১৯টি ও রাইজর দল পেয়েছে ২টি আসন। অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট (এআইইউডিএফ) ২টি আসনে জয়লাভ করেছে। আসাম জাতীয় পরিষদ (এজেপি) কোনো আসন জিততে ব্যর্থ হয়েছে।