ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বব্যাপী তেল ও প্রাকৃতিক গ্যাসের বাজারে দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে। আর উপসাগরীয় অঞ্চলে জ্বালানি উৎপাদন যুদ্ধপূর্ব অবস্থায় ফিরতে প্রায় দুই বছর লেগে যেতে পারে।
শুক্রবার (১৭ এপ্রিল) প্রকাশিত এক সাক্ষাৎকারে আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) প্রধান ফাতিহ বিরল এ কথা জানান।
সুইস পত্রিকা নিউ জুরখার জাইতুংকে দেওয়া সাক্ষাৎকারে বিরল বলেন, ‘এই পুনরুদ্ধারের গতি দেশভেদে ভিন্ন ভিন্ন হবে। যেমন, সৌদি আরবের চেয়ে ইরাকে উৎপাদন স্বাভাবিক হতে অনেক বেশি সময় লাগবে। তবে আমরা ধারণা করছি, সামগ্রিকভাবে যুদ্ধপূর্ব উৎপাদনে ফিরতে প্রায় দুই বছর সময় প্রয়োজন।’
আইইএ প্রধান মনে করেন, হরমুজ প্রণালি দীর্ঘসময় বন্ধ থাকার প্রভাবকে বিনিয়োগকারীরা ‘খাটো করে দেখছেন’।
তিনি বলেন, ইরান যুদ্ধ শুরুর আগে তেল ও প্রাকৃতিক গ্যাসবাহী বেশ কিছু ট্যাঙ্কার গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছিল এবং সেগুলো এখন পৌঁছেছে। কিন্তু মার্চ মাসে নতুন কোনো ট্যাঙ্কার বোঝাই করা হয়নি এবং এশিয়ায় নতুন কোনো সরবরাহও যায়নি।
‘সরবরাহের এই ঘাটতি এখন স্পষ্ট হয়ে উঠছে। যদি হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া না হয়, তাহলে আমাদের জ্বালানির আকাশচুম্বী দামের জন্য প্রস্তুত থাকতে হবে,’ সতর্ক করেন আইইএ প্রধান।
তথ্যসূত্র: সিএনএন