লেবাননে গত একদিনে ইসরায়েলের ব্যাপক বিমান হামলায় অসংখ্য মানুষ হতাহতের ঘটনায় দেশটির হাসপাতালগুলোতে জরুরি চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট দেখা দিয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বৃহস্পতিবার (৯ এপ্রিল) সতর্ক করে বলেছে, বর্তমান মজুত যে হারে কমছে, তাতে আগামী কয়েকদিনের মধ্যেই জীবন রক্ষাকারী মেডিকেল কিট বা জরুরি আঘাতজনিত চিকিৎসার সরঞ্জাম একেবারে ফুরিয়ে যেতে পারে।
লেবাননে ডব্লিউএইচওর প্রতিনিধি ড. আবদিনাসির আবুবাকা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘আঘাতজনিত চিকিৎসা সরঞ্জামের সরবরাহ এরই মধ্যে কমে গেছে। এভাবে চললে হয়তো কয়েকদিনের মধ্যেই মজুত শেষ হয়ে যাবে।’
তিনি জানান, জীবন রক্ষাকারী মেডিকেল কিটগুলোর মধ্যে রয়েছে ব্যান্ডেজ, অ্যান্টিবায়োটিক এবং চেতনানাশক, যা যুদ্ধকালে বা হামলায় আহতদের চিকিৎসার জন্য অপরিহার্য।
তথ্যসূত্র: আল জাজিরা