যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ অবসানের লক্ষ্যে ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া শান্তি আলোচনায় অংশগ্রহণকারীদের একটি সম্ভাব্য তালিকা প্রকাশ করেছেন পাকিস্তানের কর্মকর্তারা। তারা জানিয়েছেন, আগামী শনিবার এই আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
তবে আলোচনার বিষয়বস্তু ও খুঁটিনাটি এখনো চূড়ান্ত করা হচ্ছে এবং অংশগ্রহণকারীদের তালিকায় শেষ মুহূর্তে পরিবর্তন আসতে পারে।
আয়োজক দেশ পাকিস্তানের পক্ষে আলোচনায় থাকবেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল আসিম মালিক।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলে থাকবেন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স, হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্টের সাবেক জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনার। এছাড়া মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার আলোচনায় অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে।
ইরানের প্রতিনিধিদলে থাকবেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভানচি।
তথ্যসূত্র: আল জাজিরা