ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় শনিবার (৪ এপ্রিল) রাতে আয়োজিত বিশেষ প্রার্থনায় পোপ চতুর্দশ লিও বিশ্বজুড়ে ক্যাথলিক খ্রিস্টানদের নেতৃত্ব দিয়েছেন। এসময় তিনি বিশ্ববাসীকে যুদ্ধের ভয়াবহতায় নিশ্চল না হয়ে শান্তির জন্য কাজ করার উদাত্ত আহ্বান জানান।
ইরান যুদ্ধের কড়া সমালোচক হিসেবে পরিচিত পোপ লিও বলেন, ‘যুদ্ধ, অবিচার এবং জাতি ও দেশগুলোর মধ্যকার বিচ্ছিন্নতা আমাদের পারস্পরিক আস্থার সম্পর্ককে ছিন্ন করে দিচ্ছে।’
যুক্তরাষ্ট্র থেকে নির্বাচিত প্রথম এই পোপ ভক্তদের উদ্দেশে বলেন, ‘আসুন, আমরা নিজেদের নিশ্চল হতে না দিই!’
প্রার্থনা সভায় পোপ নির্দিষ্ট কোনো সংঘাতের কথা উল্লেখ করেননি।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পোপ চতুর্দশ লিও সাধারণত শব্দচয়নের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক হিসেবে পরিচিত। তবে সাম্প্রতিক সময়ে ইরান যুদ্ধ নিয়ে তার সমালোচনা ক্রমশ তীব্রতর হচ্ছে।
গত রোববার পোপ বলেছিলেন, ঈশ্বর সেইসব নেতাদের প্রার্থনা প্রত্যাখ্যান করেন, যারা যুদ্ধ শুরু করেন এবং যাদের হাত ‘রক্তে রঞ্জিত’।
এমনকি গত মঙ্গলবার তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে সরাসরি এক আবেদনে ইরান যুদ্ধ বন্ধের জন্য বিকল্প পথ খুঁজে বের করার আহ্বান জানান।