মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতকে কেন্দ্র করে এই সপ্তাহান্তে বিশ্বজুড়ে বিভিন্ন শহরের রাজপথে নেমে এসেছে হাজার হাজার মানুষ। এসব মিছিলে ইরানের প্রতি সংহতি জানিয়ে যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হয়।
প্রভাবশালী ইরাকি শিয়া নেতা মুক্তাদা আল-সদরের আহ্বানে গতকাল শনিবার বাগদাদসহ ইরাকের বেশ কয়েকটি প্রদেশে হাজারো মানুষ সমবেত হন। তারা ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার তীব্র প্রতিবাদ জানান।
গত শুক্রবার ইয়েমেনের সানায় ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের সমর্থকেরা যুক্তরাষ্ট্রের পতাকায় অগ্নিসংযোগ করে। রাজপথে নামা হাজারো বিক্ষোভকারীর অনেকের হাতেই ছিল বন্দুক ও ছোরার মতো অস্ত্র। অনেকে এসময় লেবানন, ফিলিস্তিন, ইরান ও হিজবুল্লাহর পতাকা বহন করছিলেন।
রয়টার্সের তথ্যমতে, গতকাল তুরস্কের আঙ্কারায় মার্কিন দূতাবাসের কাছে আয়োজিত এক বিক্ষোভে অংশগ্রহণকারীদের হাতে দেখা যায় বিভিন্ন স্লোগানসম্বলিত প্ল্যাকার্ড। সেখানে লেখা ছিল ‘খুনি আমেরিকা মধ্যপ্রাচ্য ছাড়ো!’, ‘ন্যাটো ত্যাগ করো, ন্যাটো ধ্বংস করো!’।
জার্মানির কোলন শহরে গতকাল বার্ষিক ইস্টার শান্তি মিছিলে অংশগ্রহণকারীরা ‘ইরানে যুদ্ধ বন্ধ করো’ এবং ‘যুদ্ধকে না বলুন’ লেখা প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ জানান।
অন্যদিকে, গতকাল রাতে ইসরায়েলের তেল আবিব শহরের কেন্দ্রস্থলে আয়োজিত একটি যুদ্ধবিরোধী বিক্ষোভ ছত্রভঙ্গ করে দেয় দেশটির পুলিশ। সেখান থেকে অন্তত ১০ জনকে গ্রেপ্তার করা হয়। বিক্ষোভকারীরা তাদের হাতে ‘যুদ্ধ থামাও’ লিখে এবং শান্তি ও সংঘাত অবসানের আহ্বান জানিয়ে প্ল্যাকার্ড প্রদর্শন করছিলেন।
তথ্যসূত্র: সিএনএন