ইরানে নিখোঁজ মার্কিন এফ-১৫ যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারের যেকোনো অভিযান ‘অত্যন্ত বিপজ্জনক ও জটিল’ বলে সতর্ক করেছেন ব্রায়ান স্টার্ন। তিনি মার্কিন স্পেশাল ফোর্সের সাবেক সদস্য এবং যুদ্ধবিধ্বস্ত অঞ্চল বা প্রাকৃতিক দুর্যোগে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে বিশেষজ্ঞ একটি সংস্থার প্রতিষ্ঠাতা।
সিএনএনের ড্যানি ফ্রিম্যানকে তিনি বলেন, ‘এটি মোটেও হেলিকপ্টার নিয়ে উড়ে যাওয়া, রেডিওতে পাইলটের সঙ্গে কথা বলা আর তাকে তুলে নিয়ে আসার মতো সহজ কোনো বিষয় নয়। এটি সিনেমার মতো নয়। আকাশপথে কোনো বিমান বা হেলিকপ্টার পাঠানো এখন খুবই ঝুঁকিপূর্ণ।’
এর প্রমাণ হিসেবে স্টার্ন গতকালের একটি ঘটনার কথা উল্লেখ করেন, যেখানে ভিডিওতে দেখা গেছে, দক্ষিণ-পশ্চিম ইরানে নিচ দিয়ে উড়ে যাওয়া দুটি হেলিকপ্টার লক্ষ্য করে একদল ইরানি পুলিশ সদস্য গুলি চালাচ্ছে।
স্টার্ন বলেন, ‘আমি নিশ্চিত, এ ধরনের ঘটনা আরও অনেক ঘটেছে।’
গতকাল শুক্রবার একজন ক্রু সদস্যকে উদ্ধার করা সম্ভব হলেও মার্কিন বাহিনী এখনো নিখোঁজ অন্য সদস্যকে খুঁজে পেতে মরিয়া।
স্টার্ন মনে করেন, ওই সেনাকে দ্রুত খুঁজে বের করা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, ‘প্রায় দেড় দিন ধরে পালিয়ে বেড়াচ্ছেন ওই সেনা। যখন শত্রুসীমায় পাহাড়ের মধ্যে আপনি ক্রমাগত তাড়া খাচ্ছেন, আপনার যোগাযোগব্যবস্থা সীমিত এবং আপনি সম্ভবত আহত—তখন সময় অনেক দীর্ঘ মনে হয়।’
স্টার্ন জানান, যেকোনো সম্ভাব্য উদ্ধার অভিযান রাতে পরিচালিত হবে। কারণ মার্কিন বাহিনী ‘অন্ধকারে অন্যদের চেয়ে ভালো দেখতে পায়’।
তবে তিনি এও বলেন, ‘সমস্যা হলো, পাইলটকেও তো রাতের আঁধারেই পথ চলতে হবে। আর সেটি সহজ নয়।’