বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি এবং বেসরকারি অফিসের নতুন সময়সূচি ও সাপ্তাহিক ছুটি নির্ধারণ করেছে সরকার।
রোববার থেকে সরকারি ও বেসরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। পাশাপাশি সরকারি অফিসের মতো বেসরকারি অফিসও শুক্রবার ও শনিবার ছুটি থাকবে।
শনিবার (৪ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৪ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ৫ এপ্রিল থেকে দেশের সব সরকারি ও বেসরকারি অফিস পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে (রবি থেকে বৃহস্পতিবার)। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। জরুরি পরিষেবাসমূহ নতুন অফিস সময়সূচির আওতার বাইরে থাকবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের ৪ এপ্রিলের নির্দেশনা অনুযায়ী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এবং ব্যাংকিং সেবা সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত পরিচালিত হবে। বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
আদালতের অফিস সময়সূচি নির্ধারণে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবে। বেসরকারি খাতের শিল্পপ্রতিষ্ঠান, কল-কারখানা ও অন্যান্য প্রতিষ্ঠানের কর্মঘণ্টা নির্ধারণের ক্ষেত্রে ‘বাংলাদেশ শ্রম আইন, ২০০৬’-এর ভিত্তিতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় নির্দেশনা প্রদান করবে।