কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে ‘জরুরি' পণ্যবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান। তবে ঠিক কোন কোন পণ্যকে ‘জরুরি’ হিসেবে সংজ্ঞায়িত করা হচ্ছে বা শত্রুপক্ষের জাহাজ চলাচলের ওপর তাদের বিদ্যমান অবরোধ বহাল থাকবে কি না, তা স্পষ্ট নয়।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম শনিবার (৪ এপ্রিল) এ তথ্য জানিয়েছে।
ইরানের বন্দর ও সামুদ্রিক সংস্থার প্রধানের কাছে পাঠানো এক চিঠিতে দেশটির বাণিজ্য উন্নয়নবিষয়ক ডেপুটি হুমান ফাতি বলেন, ‘জরুরি পণ্য, বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য এবং পশুখাদ্য বহনকারী জাহাজগুলোকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হলো।’
ইরানি এই কর্মকর্তার মতে, এই আদেশ ‘ইরানের বন্দরের অভিমুখে আসা অথবা বর্তমানে ওই অঞ্চলে অবস্থানরত জাহাজগুলোর’ ক্ষেত্রে প্রযোজ্য হবে।
‘সংশ্লিষ্ট নির্বাহী সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তারা নির্ধারিত প্রোটোকল অনুযায়ী এই জাহাজগুলোর চলাচল সহজতর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়,’ যোগ করেন ফাতি।
এই গুরুত্বপূর্ণ জলপথ অতিক্রমের জন্য প্রস্তুত থাকা জাহাজগুলোর একটি তালিকা সমন্বয়ের জন্য পাঠানো হবে বলেও ইরানের এক কর্মকর্তা জানান।
তথ্যসূত্র: সিএনএন