ওয়াশিংটনে এক মধ্যাহ্নভোজে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ও তার স্ত্রীকে নিয়ে বিদ্রূপ করেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এমন আচরণের কড়া প্রতিক্রিয়া জানিয়ে মাখোঁ বলেছেন, ট্রাম্পের মন্তব্য ‘শোভনীয় কিংবা মানসম্মত ছিল না’।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দক্ষিণ কোরিয়া পৌঁছানোর পর সাংবাদিকদের ফরাসি প্রেসিডেন্ট এ কথা বলেন বলে দ্য গার্ডিয়ান জানিয়েছে।
স্ত্রীকে নিয়ে ট্রাম্পের মন্তব্যের প্রতি অসন্তোষ প্রকাশ করে সাংবাদিকদের মাখোঁ বলেন, ‘আমি কোনো জবাব দেব না। কারণ এগুলো জবাব পাওয়ার যোগ্য নয়।’
এর আগে গত বুধবার ওয়াশিংটনে ধর্মীয় নেতা ও সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে এক মধ্যাহ্নভোজে ন্যাটোর মিত্ররা ইরান যুদ্ধে যোগ না দেওয়ায় তাদের কড়া সমালোচনা করেন ট্রাম্প।
এ সময় তিনি মাখোঁ ও তার স্ত্রী ব্রিজিত মাখোঁকে নিয়ে ঠাট্টা করেন, যা ফ্রান্সে তীব্র ক্ষোভের জন্ম দেয়।
ফরাসি বাচনভঙ্গি নকল করে ট্রাম্প বলেন, মাখোঁর স্ত্রী ব্রিজিত তার সঙ্গে ‘খুবই খারাপ ব্যবহার করেন’।
ইরান যুদ্ধে ফ্রান্সের কাছে সহায়তা চাওয়ার বিষয়ে ট্রাম্প বলেন, ‘আমাদের তাদের প্রয়োজন ছিল না, তাও আমি জিজ্ঞাসা করেছিলাম। আমি মাখোঁকে ফোন করি; যার স্ত্রী তার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেন। চোয়ালে সেই মোক্ষম ধাক্কার ধকল তিনি এখনো সামলে উঠছেন।’
ট্রাম্প মূলত ২০২৫ সালের মে মাসের একটি ভিডিওর দিকে ইঙ্গিত করছিলেন।
ওই ভিডিওতে দেখা গিয়েছিল, ভিয়েতনাম সফরের সময় উড়োজাহাজ থেকে নামার প্রস্তুতির সময় ব্রিজিত তার স্বামীর মুখে ধাক্কা দিচ্ছেন।
এপির ক্যামেরাম্যানের ধারণ করা ওই ভিডিওতে দেখা যায়, হ্যানয় সফরের শুরুতে মাখোঁ বিমানের দরজায় দাঁড়ানো ছিলেন। তখন তার স্ত্রী হাত দিয়ে তাকে ধাক্কা দিলে তিনি কিছুটা পিছিয়ে যান এবং পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে বাইরের দিকে হাত নাড়েন।
সে সময় ‘পারিবারিক কলহের’ কথা অস্বীকার করে মাখোঁ বলেছিলেন, তারা ‘প্রায়ই এমন মজা করেন’।