পাকিস্তান যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় পারমাণবিক হুমকি তৈরি করছে বলে মনে করছেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড। বুধবার এক ব্রিফিংয়ে তিনি এ আশঙ্কার কথা বলেন।
তুলসি গ্যাবার্ট আরও বলেন, ‘ইরান, চীন, রাশিয়া এবং উত্তর কোরিয়াও নতুন ক্ষেপণাস্ত্র প্রযুক্তি উন্নয়নে সক্রিয় রয়েছে। এসব ক্ষেপণাস্ত্রে পারমাণবিক ও প্রচলিত উভয় ধরনের ওয়ারহেড ব্যবহারের সক্ষমতা রয়েছে, যা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে।’
মার্কিন গোয়েন্দা প্রধান আরও বলেন, ‘গোয়েন্দা সংস্থার মূল্যায়ন অনুযায়ী, রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, ইরান এবং পাকিস্তান নতুন, উন্নত ও প্রচলিত ক্ষেপণাস্ত্র সরবরাহ ব্যবস্থা নিয়ে গবেষণা ও উন্নয়ন করছে, যা পারমাণবিক ও প্রচলিত উভয় ধরনের অস্ত্র বহন করতে সক্ষম এবং আমাদের ভূখণ্ডকে তাদের আওতায় নিয়ে আসে।’
উত্তর কোরিয়া রাশিয়া ও চীনের সঙ্গে অংশীদারিত্ব আরও জোরদার করছে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
এছাড়া গ্যাবার্ড দাবি করেন, গত বছরের জুনে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচিকে ‘সম্পূর্ণ ধ্বংস’ করে দিয়েছে। এরপর থেকে ইরান তাদের সমৃদ্ধকরণ সক্ষমতা পুনর্গঠনের কোনো উদ্যোগ নেয়নি বলেও জানান তিনি।