শীর্ষ কর্মকর্তাদের হত্যাকাণ্ডের ঘটনায় জাতিসংঘের নীরবতার কঠোর সমালোচনা করেছে ইরান। সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বৃহস্পতিবার (১৯ মার্চ) এ খবর জানানো হয়েছে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাঠানো এক চিঠিতে ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি বলেন, এই নীরবতা ইসরায়েলকে আরও উৎসাহিত করছে।
ইরাভানি সতর্ক করেন, এটি অব্যাহত থাকলে ভবিষ্যতে এ ধরনের হত্যাকাণ্ড স্বাভাবিক হয়ে উঠতে পারে।
এদিকে যুক্তরাষ্ট্রের হামলায় সহযোগিতার জন্য সংযুক্ত আরব আমিরাতকে ক্ষতিপূরণ দিতে হবে বলেও জানিয়েছেন রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি।
জাতিসংঘ মহাসচিব বরাবর পাঠানো এক চিঠিতে ইরাভানি এই দাবি জানিয়ে বলেন, ‘আরব আমিরাত তাদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।’
তিনি আরও বলেন, ‘এর ফলে সৃষ্ট সব ধরনের বস্তুগত ও নৈতিক ক্ষতির দায় তাদের নিতে হবে।’
এদিকে ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে বেশ কয়েকটি উপসাগরীয় রাষ্ট্রে তেহরানের হামলা অব্যাহত রয়েছে। এই হামলাগুলোর বেশিরভাগ চালানো হয়েছে সংযুক্ত আরব আমিরাতের ওপর।