ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার প্রতিবাদে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টার-টেরোরিজম সেন্টারের পরিচালক জোসেফ কেন্ট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই শীর্ষ কর্মকর্তা তার পদত্যাগপত্রে বলেছেন, ‘ইসরায়েলের চাপের মুখেই’ ইরান যুদ্ধ শুরু করেছে ওয়াশিংটন। ‘বিবেকের সায় না থাকায়’ ট্রাম্প প্রশাসনের এই যুদ্ধকে তার পক্ষে আর সমর্থন করা সম্ভব হচ্ছে না।
জোসেফ কেন্ট ট্রাম্প প্রশাসনের প্রথম কোনো শীর্ষ কর্মকর্তা; যিনি ইরান যুদ্ধের কারণে পদ ছাড়লেন।
পদত্যাগপত্রে কেন্ট বলেছেন, ‘ইরান আমাদের দেশের জন্য কোনো আসন্ন হুমকি ছিল না। এটি এখন স্পষ্ট, ইসরায়েল এবং তাদের শক্তিশালী আমেরিকান লবির চাপের কারণেই আমরা এই যুদ্ধ শুরু করেছি।’
পদত্যাগপত্রে তিনি দাবি করেন, ২০২৫ সালের জুন পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্প জানতেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ কেবল আমেরিকার মানুষের জীবনই কেড়ে নেবে না, দেশটির সম্পদও নিঃশেষ করে দেবে।
কেন্ট বলেন, ইসরায়েলের উচ্চপদস্থ কর্মকর্তা এবং মার্কিন সংবাদমাধ্যমের ‘প্রভাবশালী সদস্যরা মিথ্যা তথ্যের প্রচারণার’ মাধ্যমে পরিকল্পিতভাবে যুদ্ধপন্থী প্রচারণা চালিয়েছেন, যার মূল লক্ষ্য ছিল ইরান যুদ্ধের উসকানি দেওয়া।
জোসেফ কেন্ট একজন সাবেক রাজনৈতিক প্রার্থী, যার সঙ্গে কট্টরপন্থীদের যোগাযোগ রয়েছে। গত বছরের জুলাইয়ে ৫২-৪৪ ভোটে অনুমোদনের মাধ্যমে তিনি এই পদে স্থলাভিষিক্ত হয়েছিলেন।
তথ্যসূত্র: এপি, এনডিটিভি