মধ্যপ্রাচ্যে কার্যক্রম পরিচালনা করছে যুক্তরাষ্ট্রের এমন বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের কার্যালয় ও তাদের সম্পদ ইরানের সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় রয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বুধবার (১১ মার্চ) তাসনিম নিউজ এজেন্সি ‘ইরানের নতুন লক্ষ্যবস্তু’ শিরোনামে একটি তালিকা প্রকাশ করেছে।
এই তালিকায় মধ্যপ্রাচ্যে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন আঞ্চলিক কার্যালয়ের পাশাপাশি তাদের ক্লাউড, ডেটা ও ডেভেলপমেন্ট সেন্টারের কথাও উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনটিতে বলা হয়, আঞ্চলিক যুদ্ধ যখন অবকাঠামোগত যুদ্ধে রূপ নিচ্ছে, তখন ইরানের লক্ষ্যবস্তুর পরিধিও ধীরে ধীরে আরও বিস্তৃত হচ্ছে।
তালিকায় ইসরায়েলসহ দুবাই ও আবুধাবির মতো আঞ্চলিক শহরগুলোতে গুগল, অ্যামাজন, মাইক্রোসফট, এনভিডিয়া, আইবিএম, ওরাকল ও প্যালান্টিরের সঙ্গে সংশ্লিষ্ট কার্যালয়গুলোর নাম রয়েছে।
এর আগেও দুবাইয়ে অ্যামাজন ডাটা সেন্টার এবং অঞ্চলের অন্যান্য কৌশলগত কেন্দ্রে অভিযান চালায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
গত সপ্তাহে বাহরাইনে একটি অ্যামাজন ডাটা সেন্টারে ইরান ড্রোন হামলা চালিয়েছে বলে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতে অ্যামাজনের দুটি স্থাপনায় ইরানি ড্রোন হামলার ঘটনা ঘটেছে।
তথ্যসূত্র: সিএনএন