ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শোকানুষ্ঠান—যা বুধবার (৪ মার্চ) সন্ধ্যা থেকে শুরু হওয়ার কথা ছিল—স্থগিত করা হয়েছে।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফারস এ খবর দিয়েছে।
সংবাদ সংস্থাটি জানিয়েছে, ‘পূর্বে ঘোষণা করা হয়েছিল, বুধবার রাত ১০টা থেকে পরবর্তী তিন রাত সর্বোচ্চ নেতার স্মরণে শোকানুষ্ঠান চলবে। তবে লাখ লাখ মানুষের সমাগমের সম্ভাবনা এবং প্রয়োজনীয় অবকাঠামোগত প্রস্তুতির কথা বিবেচনা করে এই কর্মসূচি আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে।’
অনুষ্ঠানটি ঠিক কবে নাগাদ হবে, সে বিষয়ে নতুন কোনো সময়সূচি জানানো হয়নি।
তেহরানের ইসলামিক প্রোপাগান্ডা কোঅর্ডিনেশনের প্রধান হোজ্জাতোলেসলাম সৈয়দ মহসেন মাহমুদীর মতে, অনুষ্ঠান স্থগিত হলেও খামেনির মৃত্যুতে তেহরানের বিভিন্ন চত্বরে জনসমাগমসহ তিন দিনের জাতীয় শোক পালন অব্যাহত থাকবে।