ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ দাবি করেছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন
সংবাদমাধ্যমটির এক নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে বলা হয়, তাদের কাছে পৌঁছানো তথ্য খামেনির মৃত্যুর ইঙ্গিত দিচ্ছে। যদিও এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা আসেনি।
এর আগে একই মাধ্যম জানায়, হামলায় খামেনি অন্তত আহত হয়েছেন বলে তারা তথ্য পেয়েছে। তবে সর্বশেষ প্রতিবেদনে গোপন সূত্রের বরাতে তার মৃত্যুর দাবি করা হয়েছে।
অন্যদিকে মার্কিন সংবাদপত্র দ্য নিউইয়র্ক টাইমস স্যাটেলাইটে ধারণ করা একটি ছবি প্রকাশ করেছে। সেখানে দেখা যায়, খামেনির প্রাসাদ হিসেবে চিহ্নিত স্থাপনাটি হামলায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
চ্যানেল ১২ আরও জানিয়েছে, কয়েক ঘণ্টার মধ্যে ইরান খামেনির একটি ভাষণ প্রকাশ করতে পারে। তবে সেটি হামলার আগে রেকর্ড করা হয়ে থাকতে পারে বলে দাবি তাদের।
সংবাদমাধ্যমটির দাবি, আজকের হামলায় ইরানের সরকার ও সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।