পাকিস্তানের বিরুদ্ধে চালানো যেকোনো ধরনের আগ্রাসনের জবাব দিতে দেশটির সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে পাকিস্তান সেনাবাহিনীর জেনারেল হেডকোয়ার্টার্স পরিদর্শনে গিয়ে এই নির্দেশনা দেন তিনি। এসময় আফগানিস্তানের সঙ্গে চলমান পরিস্থিতি সম্পর্কে তাকে বিস্তারিত জানান সামরিক কর্মকর্তারা।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক বিবৃতি অনুযায়ী, পাকিস্তানের বিরুদ্ধে চালানো কোনো ধরনের অপকর্ম সহ্য না করতে সেনাবাহিনীকে জিরো টলারেন্স নীতি অবলম্বনের নির্দেশনা দিয়েছেন শেহবাজ শরীফ।
শেহবাজ শরীফ বলেন. ‘পাকিস্তানের বিরুদ্ধে আফগান তালেবান শাসন কিংবা ফিতনা আল-খারিজের (টিটিপির অফিশিয়াল নাম) কর্মকাণ্ড অগ্রহণযোগ্য।’
তিনি আরও বলেন, ‘ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরের নেতৃত্বে পাকিস্তানি সশস্ত্র বাহিনী দেশকে রক্ষা করতে প্রস্তুত ও পাকিস্তান জানে যে কিভাবে আগ্রাসনের বিরুদ্ধে নিজেকে রক্ষা করতে হয়।’
বিবৃতিতে বলা হয়, সীমান্তবর্তী এলাকায় তালেবান আক্রমণ প্রতিহত করা ও জোরালো পাল্টা আক্রমণ চালানোয় পাকিস্তানি সশস্ত্র বাহিনীর প্রশংসা করেছেন শেহবাজ শরীফ। এ ছাড়া, সমগ্র জাতি সেনাবাহিনীর পাশে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।