ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, আফগান ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলার তীব্র নিন্দা জানায় দিল্লি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা জানান।
জয়সওয়াল বলেন, পবিত্র রমজান মাসে চালানো এই হামলায় নারী ও শিশুসহ বহু বেসামরিক মানুষ হতাহত হয়েছে।
এই হামলা পাকিস্তানের ‘অভ্যন্তরীণ ব্যর্থতাকে আড়াল করার বা বাইরে ছড়িয়ে দেওয়ার আরও একটি অপচেষ্টা’ উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ভারত আবারও আফগানিস্তানের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং স্বাধীনতার প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করছে।
আফগানিস্তানের বিভিন্ন শহরে বৃহস্পতিবার গভীর রাত থেকে শুরু হওয়া পাকিস্তানের ‘গজব লিল–হক’ অভিযানে এ পর্যন্ত ২৭৪ জন আফগান তালেবান সেনা ও জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। তারা বলছে, অভিযানে আহত হয়েছে চার শতাধিক সেনা। ধ্বংস করা হয়েছে ৭৩টি চৌকি। ১৭টি চৌকি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।
অন্যদিকে পাকিস্তানের অ্যাবোটাবাদ, সোয়াবি ও নওশেরা শহরে তালেবান সরকার ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছেন দেশটির তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার।
তথ্যসূত্র: আল জাজিরা