টানা চার দফা বাড়ার পর এবার দেশের বাজারে কমলো সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোমবার (৬ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এবার ভরিতে দুই হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ ৪৫ হাজার ৮১৯ টাকা নির্ধারণ করেছে বাজুস।
এ ছাড়া নতুন দাম অনুযায়ী দেশের বাজারে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা দুই লাখ ৩৪ হাজার ৬২১ টাকা, ১৮ ক্যারেট দুই লাখ এক হাজার ১৪৬ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা এক লাখ ৬৩ হাজার ৮২১ টাকায় বিক্রি হবে।
সোনার বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৫১ বার সমন্বয় করা হয়েছে সোনার দাম। যেখানে দাম ৩০ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে ২১ দফা। এর আগে সবশেষ ১ এপ্রিল সকালে দেশের বাজারে সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে তিন হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।
এদিকে সোনার দাম কমানোর পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ১৭৫ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার ৫৪০ টাকা, ২১ ক্যরেটের এক ভরি রুপার দাম ১১৭ টাকা কমিয়ে পাঁচ হাজার ৩০৭ টাকা, ১৮ ক্যরেটের এক ভরি রুপার দাম ১১৭ টাকা কমিয়ে চাড় হাজার ৫৪৮ টাকা ও সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১১৭ টাকা কমিয়ে তিন হাজার ৩৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।